জবির নতুন প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রক্টর হিসেবে ড. মুহাম্মদ তাজাম্মুল হককে আগামী দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই (২) বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। আজ থেকেই তার আদেশ কার্যকর হবে। প্রক্টর থাকাকালীন ড. মুহাম্মদ তাজাম্মুল হক বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
উল্লেখ্য, ডক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ২০২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই ছাত্র-জনতার সঙ্গে রাজপথে সক্রিয় ছিলেন। এর আগে তিনি বিভাগের ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রিসার্চ গেটের তথ্য অনুযায়ী দেশে এবং বিদেশে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ২০-এর বেশি। প্রকাশিত প্রবন্ধের মাঝে ইনডেক্সভুক্ত জার্নাল এবং সাইটেশনও রয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক সামাজিক মাধ্যমে সমকালীন বিভিন্ন বিষয়ে লেখালেখির কারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে।