একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম
একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে তিন হাজার ৪৪ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকায়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হবে।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
এর আগে গতকাল ২৪ সেপ্টেম্বর সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দামে আজ সোনা বিক্রি হয়েছে। সেই হিসেবে আজ ২৫ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৩৮ টাকায় বিক্রি করা হয়েছে।