ইবির ক্লাস সশরীরে চালুর সিদ্ধান্ত
ইবির ক্লাস সশরীরে চালুর সিদ্ধান্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস কমিটি ক্লাস সশরীরে চালুর সিদ্ধান্ত নিয়েছে। ইবির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে ক্লাস চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এই চিঠির অনুলিপি ইতোমধ্যে অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভায় প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পাওয়া ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশরাফীর সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিনরা ছাড়া বাকি ডিনরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও বিভাগীয় সভাপতিদের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
সহকারী অধ্যাপক মেহেদী হাসান ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি বলেন, এরকম একটা চিঠি বিভাগে এসেছে। আমরা একাডেমিক কমিটিতে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবো। বিষয়টা অবশ্যই ইতিবাচকভাবে দেখা হবে।