রাবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু; র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা 

র‍্যাগিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিরো টলারেন্স

Sep 19, 2024 - 08:47
Sep 19, 2024 - 08:52
 0  12
রাবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু; র‍্যাগিংয়ে কঠোর নিষেধাজ্ঞা 
ছবি: সংগ্রহীত

আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪, রোজ রবিবার শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১ তম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। ফলে জুলাই বিপ্লবের ধকল পেড়িয়ে আবারও প্রাণবন্ত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন প্রাণে উচ্ছ্বসিত হবে মতিহারের সবুজ চত্বর। 

এদিকে নবীনদের বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি বিভাগ। ইতিমধ্যে নতুনদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অনেক প্রাক্তন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেন্দ্রীয়ভাবে কবে বরণ করা হবে তা এখনও জানা যায়নি। সাধারণত দুই-তিন মাস পর বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। 

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ইতিবাচক ধারায় নিয়ে আসার লক্ষ্যে র‍্যাগিংকে সামাজিক অপরাধ বিবেচনায় গুরুত্বপূর্ণ নোটিশ প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‍্যাগিংকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন রাবি প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান। 

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ/ইনস্টিটিউশনকে এ বিষয়ে সংবাদজ্ঞাপনার্থে জানিয়েছেন, ❝র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিং এর শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথাও কোন প্রকার র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শান্তি প্রদান করা হবে। 

উল্লেখ্য, বিভাগের সভাপতির অনুমতি ব্যতিত বিভাগের অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।❞

বিষয়টি বিভাগ/ইনস্টিটিউট-এর নোটিশ বোর্ড, Orientation ক্লাস ও ক্লাসরুমে প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে। যাইহোক, র‍্যাগিংয়ের ঘটনা সাধারণত সিনিয়রদের দ্বারা সংঘটিত হয় তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান ছাত্রবান্ধব শিক্ষকদের।