সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত
সকল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১ আগস্ট পর্যন্ত স্থগিত। সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ জুলাই থেকে আগামী ১ আগস্ট পর্যন্ত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তীত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ আগস্ট থেকে সকল শিক্ষাবোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এর আগে ১৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। সে সময় বলা হয়, সব বোর্ডের অধীনে ২১ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ১৮ জুলাই জানানো হয় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিলো।