নদীতে দুই হাত বাঁধা ‘আই লাভ ইউ’ লেখা তরুণীর লাশ উদ্ধার

Sep 23, 2024 - 11:56
 0  6
নদীতে দুই হাত বাঁধা ‘আই লাভ ইউ’ লেখা তরুণীর লাশ উদ্ধার
ছবি © সংগৃহিত

নদীতে দুই হাত বাঁধা ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার। তিস্তা নদীর চরে দুই হাত বাঁধা মেহেদি রাঙানো হাতে লেখা ‘আই লাভ ইউ’ এমন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধাকৃত দেহটি দুই হাত পেছন দিক করে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরিহিতা এ যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে এক যুবতীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহত তরুণীর দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে অজ্ঞাত এক যুবতীর (৩০) লাশ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠিয়েছে পুলিশ।

সিএ রিপোর্ট ক্যাম্পাস আলো একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নিউজ পোর্টাল। ক্যাম্পাস আলো পক্ষ থেকে অনলাইন রিপোর্টার।