গ্রামীণ ব্যাংকের বোর্ড পরিচালক ও চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী
অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের বোর্ড পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৩ই সেপ্টেম্বর) বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের স্থায়ী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রজ্ঞাপন বলা হয়, গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এর ধারা (৯) (১) (ক) ও ১০ (১) অনুযায়ী অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগে দেয়া হলো। গ্রামীণ ব্যাংকের বোর্ড পরিচালক ও চেয়ারম্যান হিসাবে তিনি যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।
গত ২০ অগাস্ট চুক্তি বাতিল করে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে এ কে এম সাইফুল মজিদকে বাদ দেওয়া হয় । এর পর থেকে চেয়ারম্যান পদটি শূন্য ছিল। ২০১১ সালে অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার যুক্তি দিয়ে আওয়ামী লীগ সরকার ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দিয়েছিল।
গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক।
আওয়ামী লীগের সময়ে ইউনূসকে শ্রম আইনের এক মামলায় সাজাও দেওয়া হয়েছিলদ সরকার পতনের পর আদালত সেই সাজা বাতিল করে তাকে খালাস দেয়।