নতুন উপাচার্যে স্বপ্ন পূরণ জবির

Sep 18, 2024 - 16:33
Sep 18, 2024 - 18:31
 0  9
নতুন উপাচার্যে স্বপ্ন পূরণ জবির
অধ্যাপক ড. রেজাউল করিম । ছবি-সংগৃহিত

অধ্যাপক ড. রেজাউল করিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নিজ ক্যাম্পাস থেকে ভিসি পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি ছিলেনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

অধ্যাপক ড. রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। 

২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সব রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অধ্যাপক রেজাউল করিমের গবেষণার সংখ্যা প্রায় অর্ধশত। তিনি একজন প্রতিথযশা গবেষক হিসেবে পরিচিত। অধ্যাপক রেজাউল করিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই পদে তাকে মনোনীত করায় রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, আজই তিনি দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নিয়োগ করা বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাপের মুখে পদত্যাগ করেন। গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য প্রায় নয় মাস এই পদে ছিলেন। তার পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে দাবি উঠছিল, পরবর্তী ভিসি যেন নিজ ক্যাম্পাস থেকে নিযুক্ত হন। অবশেষে প্রথমবারের মতো নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিযুক্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।