ফের আইপিএলে প্রধান কোচের দায়িত্বে পন্টিং
আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্কে গত জুলাইয়ে ইতি টেনেছেন রিকি পন্টিং। অবশ্য অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি অধিনায়ক নিজ থেকে সরে যাননি। লম্বা সময় পরেও দলকে সাফল্য এনে দিতে না পারায় দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি তাকে বরখাস্ত করেছে। নতুন মৌসুমের জন্য পন্টিংকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পাঞ্জাব কিংস।
কয়েক বছরের চুক্তিতে তিনি পাঞ্জাবের দায়িত্ব নিতে রাজি হয়েছেন বলে উল্লেখ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। স্বাভাবিকভাবেই তার চাওয়ামতো বাকি কোচিং স্টাফও নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আগের কোচিং স্টাফের মধ্যে কারা থাকবেন, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। গত বছর দলটির কোচিংয়ে ছিলেন ট্রেভর বেইলিস (প্রধান কোচ), সঞ্জয় বাঙ্গার (হেড অব ক্রিকেট ডেভলপমেন্ট), চার্ল লেঙ্গভেল্ট (পেস বোলিং কোচ) ও সুনিল জোশি (স্পিন কোচ)।
এ নিয়ে গত সাত মৌসুমে ছয়বার প্রধান কোচ বদল করল পাঞ্জাব। আইপিএলের গত আসরে তারা হতাশাজনক পারফরম্যান্স নিয়ে নয় নম্বরে থেকে বিদায় নিয়েছিল। কেবল তাই নয়, ২০১৪ আসরের পর এখন পর্যন্ত আর কোনোবারই প্লে-অফে উঠতে পারেনি বলিউড অভিনেত্রীর দলটি। ২০১৪ আসরে তারা রানার্সআপ হয়েছিল, এটাই আইপিএলে পাঞ্জাবের সর্বোচ্চ অর্জন। ফলে নতুন দায়িত্ব নেওয়া পন্টিংয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার আগে তিনি প্রথমে স্কোয়াডের শর্টলিস্ট তৈরি করবেন, এই বছরই অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম।
- ক্রীড়া ডেস্ক